বোয়ালমারীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:০৬ পিএম
বোয়ালমারীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রিজের কাছে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা রাস্তার পাশের জঙ্গলের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান।

বোয়ালমারী থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শিমুল মোল্যা জানান, এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য ফরিদপুর থেকে টিম এসেছে। পরিচয় শনাক্তে সময় লাগতে পারে। রোববার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হবে।

জেএইচআর