জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনের মাধ্যমে মানুষের জীবন ও জীবিকা উন্নয়ন এবং আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড শক্তিশালী করার লক্ষ্যে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান কার্যক্রম ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।
এই কার্যক্রমের আওতায় পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা গ্রামের অতিঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ ও প্রশিক্ষণ সরবরাহ করা হবে।
প্রথম ধাপে ২৩ জন উপকারভোগীকে প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করা হয় এবং পরবর্তী ধাপে আরও ২৩ জনকে অন্তর্ভুক্ত করা হবে। ফলে মোট ৪৬ জন উপকারভোগী এই সহায়তার আওতায় আসবেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পাথরঘাটা সিসিডিবি কার্যালয়ের হলরুমে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে সিসিডিবি জলবায়ু পরিবর্তন প্রকল্প- পিসিআরসিবি (ফেজ-২) পাথরঘাটা, বরগুনা।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ইমাম হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এবং পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস। এছাড়া উপস্থিত ছিলেন সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুজন চন্দ্র বিশ্বাস।
প্রশিক্ষণ কর্মকর্তা ইমাম হোসেন বলেন, এই প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম করা হবে। এটি শুধু জীবন ও জীবিকা টেকসই করবে, বরং বিকল্প আয়ের সুযোগও সৃষ্টি করবে। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আশা করি স্থানীয় জনগোষ্ঠী আরও দৃঢ় ও সক্ষম হয়ে উঠবে।
কর্মসূচিটি ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানি এর অর্থায়নে অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটির অংশগ্রহণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রমের মূল লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার জন্য সক্ষম করা, টেকসই জীবন ও জীবিকা নিশ্চিত করা এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন