কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ত্রিপুরা সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, ত্রিপুরা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে আন্তরিকতার সাথে তিনি কাজ করবেন, যদি সংসদ নির্বাচনে বিজয় লাভ করেন। পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমুখী কল্যাণকর প্রকল্প গ্রহণ করা হবে।
ওয়াদুদ ভূইয়া বলেন, অতীতেও তিনি ত্রিপুরা সম্প্রদায়ের আস্থার প্রতীক হয়ে কাজ করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপি সরকার গঠন করলে ত্রিপুরা সম্প্রদায়ের সন্তানদের যোগ্যতার ভিত্তিতে চাকুরি দেয়া হবে।
এছাড়াও তিনি ত্রিপুরাদের শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
বুধবার বিকাল তিনটায় খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত বিশাল র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শুভ্র দেব ত্রিপুরা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খনি রঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিস্কু এবং জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজ প্রমুখ।
সদর উপজেলা ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি সরনাথ ত্রিপুরা সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, রামগড় ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, সদর উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র ত্রিপুরা প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন