বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান এখন বিকেএসপিতে

এস এম মনিরুল ইসলাম, সাভার প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৫৬ পিএম
বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান এখন বিকেএসপিতে

বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার চাঁদপুরের সোহানের বিকেএসপিতে আগমনে সবার মধ্যে এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। 

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম সোহান ও সোহানের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সোহান ও তাঁর পরিবারের খোঁজখবর নেন।

এরপর বিকেএসপির মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেন এবং সোহানের সঙ্গে বল নিয়ন্ত্রণের খেলায় মেতে ওঠেন। 

মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান। তিনি সোহানকে আগামীদিনের মেসি তৈরিতে বিকেএসপির সার্বিক সহযোগিতার কথা বলেন।

সোহানের বয়স কম হওয়ায় তার আবাসন বিকেএসপি প্রমিলা হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের একজন কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে সোহান প্রশিক্ষণ গ্রহণ করবে বলে তিনি জানান। 

সোহানের বাবা মো. সোহেল সোহানের স্বপ্নপূরণে বিকেএসপিতে আসতে পেরে মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি বিকেএসপিতে আসার সুযোগ করে দেওয়ায় চাঁদপুরের উপজেলা নির্বাহী অফিসারকেও ধন্যবাদ জানান।

ইএইচ