ধাপেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের পদ স্থগিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৪:৩২ পিএম
ধাপেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের পদ স্থগিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিন কবির স্বপনের পদ স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাকিব হাসান মিষ্টার এবং সদস্য রাজু মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

গত ৭ ডিসেম্বর (রবিবার) গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. রাগীব হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ভুট্টো স্বাক্ষরিত এক নোটিশে ধাপেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিন কবির স্বপনকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, তিনি সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তার পদ স্থগিত করে আগামী ৭ (সাত) দিনের মধ্যে গাইবান্ধা জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার ইঙ্গিতও করা হয়।

অন্যদিকে, একই দিনে সাদুল্লাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাকিব হাসান মিষ্টার এবং সদস্য রাজু মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্তে বলা হয়, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের কোনো কর্মের দায়-দায়িত্ব দল নেবে না। সে সাথে দলের সকল নেতাকর্মীকে তাঁদের সাথে যোগাযোগ না রাখার ঘোষণাও দেওয়া হয়।

জানা যায়, গত কয়েক দিন পূর্ব থেকে এলাকাবাসী অভিযোগ করে আসছে সহ-সভাপতি রাকিব হাসান মিষ্টার ও রাজু মিয়া লালমাটির ঘাট এলাকায় দুটি অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত। এ নিয়ে একাধিক গ্রাম্য সালিশিতে অটো কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অদ্যাবধি কিনে দেয়নি। তারা এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলেছে।

স্থানীয় রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংগঠন বলছে, দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে কেউ ছাড় পাবেন না।

ইএইচ