ফরিদপুরে শ্রেষ্ঠ ‍‍`অদম্য নারী পুরস্কার‍‍` পেলেন আফরোজা ইয়াসমিন

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:১১ পিএম
ফরিদপুরে শ্রেষ্ঠ ‍‍`অদম্য নারী পুরস্কার‍‍` পেলেন আফরোজা ইয়াসমিন

ফরিদপুরে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার। নারীর সক্ষমতা, সাহস, সংগ্রাম ও সাফল্যকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এটি এক অনন্য আয়োজন।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে জীবনের বিভিন্ন ক্ষেত্র ও নানা প্রতিকূলতাকে পরাজিত করে এগিয়ে যাওয়া নারী মোসা. আফরোজা ইয়াসমিনকে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "আফরোজা ইয়াসমিনের মতো নারীরা সমাজে নীরবে কাজ করে যাচ্ছেন। তাদের অবদান তুলে ধরতেই অদম্য নারী পুরস্কার।" নারীর অগ্রযাত্রা, আত্মবিশ্বাস ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখায় এ সম্মাননা ফরিদপুরের নারীদের জন্য নতুন প্রেরণা হিসেবে কাজ করবে।

অদম্য নারী পুরস্কারের অন্যান্য ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী আরও ৪ নারীকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসা. পারভিন আক্তার। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফল নারী তাজনুর নাহার। সফল জননী নারী নুরুন্নাহার মাসুদ। নির্যাতনের দুঃস্বপ্ন জয় করে এগিয়ে যাওয়া নারী আছিয়া খানম।

ইএইচ