পেশায় একজন পল্লী চিকিৎসক। বয়স প্রায় ৮০ বছর। কিন্তু বয়স যেন তার কাছে কোনো বাধা নয়। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী গত ১২ বছর ধরে নিরলসভাবে তালগাছ লাগিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং এলাকাবাসীকে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা করতেই তার এই ব্যতিক্রমী উদ্যোগ। এ পর্যন্ত তিনি লাগিয়েছেন এক লাখেরও বেশি তালগাছ।
প্রতিদিন নিজের দুই চাকার সাইকেল নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে চলেন খোরশেদ আলী। সঙ্গে থাকে সাবল ও খন্তি। কখনো নতুন তালগাছ লাগানো, আবার কখনো নিজের লাগানো গাছগুলোর পরিচর্যা এটাই তার দৈনন্দিন কাজ।
বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় তালগাছ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই ধারণা থেকেই ২০১৪ সাল থেকে তিনি এই উদ্যোগ শুরু করেন। নিজ এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার রাস্তাঘাটের দুই পাশে তালগাছ রোপণ করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত গাছ লাগিয়ে যাওয়াই তার একমাত্র ইচ্ছা বলে জানান এই গাছপ্রেমী।
গাছ লাগানো ও পরিচর্যার খরচ জোগাতে নিজের জমিও বিক্রি করেছেন খোরশেদ আলী। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি থেমে থাকেননি। শুরুতে স্থানীয়দের কেউ কেউ তার উদ্যোগ নিয়ে কটাক্ষ করলেও এখন তার এই কাজের প্রশংসায় মুখর এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, খোরশেদ আলীর এমন উদ্যোগ সমাজের অন্যদেরও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করছে। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং, আখানগর, আকচা, রুহিয়া এবং বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে তালগাছ লাগিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন তিনি।
পরিবেশ রক্ষা ও মানবকল্যাণে খোরশেদ আলীর এই নিরলস প্রয়াস এখন এলাকাজুড়ে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন