চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকালে ‘আলিফ গোল্ড মার্কেট’ এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কর্মরত ছিলেন। কাজের সুবিধার্থে তিনি দোকানেই রাতযাপন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়িতে চলে যান। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল। এ সময় বিজয় ঘোষ দোকানের ভেতরেই অবস্থান করছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ (মধু) দোকান খুলতে এসে দেখেন, শাটার খোলা থাকলেও ভেতরের কলাপসিবল গেটে তালা ঝুলছে। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় বিজয় ঘোষের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
বিকম চন্দ্র ঘোষ জানান, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য কিংবা দোকানের কারও কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে রাতে মোবাইল ফোনে কারও সঙ্গে তাকে উচ্চস্বরে কথা বলতে ও বাকবিতণ্ডায় জড়াতে শুনেছিলেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
খবর পেয়ে হাইমচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন