সাতক্ষীরায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় জামায়াতের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেওয়ায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাতক্ষীরা সদর থানার কাটিয়া আমতলা মোড়ে স্থানীয় সদর পৌরসভার ১নং ওয়ার্ডের জামায়াতের আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ (যিনি বর্তমানে যশোর জেলায় কর্মরত রয়েছেন) পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশ নিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেন।
যশোর পুলিশ লাইন্স সূত্রে জানা যায়, তিনি গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে হাজির হন।
ছুটি ভোগরত অবস্থায় নিজ বাড়ি নড়াইল জেলায় অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় এসে তিনি জামায়াতের রাজনৈতিক পথসভায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন, যা পুলিশের পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্বীকার করেন।
বিষয়টি রেঞ্জ ডিআইজি, খুলনা ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে। ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন