যশোরের আলোচিত ও কুখ্যাত প্রতারক রবিউল ইসলামকে (৪৫) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার রাতে শহরের বারান্দি মাঠপাড়া এলাকায় মেয়ের জামাতার বাসা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল সদর উপজেলার কুয়াদা সিরাজ সিংগা গ্রামের নুর আলী মোড়লের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে আদম ব্যবসার আড়ালে প্রতারণা করে আসছিলেন। ২০২২ সালে মালয়েশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কচুয়া ঘোপ গ্রামের মোশারফ হোসেন ও তার শ্যালকের কাছ থেকে ১৩ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে টাকা ফেরত না দিয়ে দীর্ঘ দিন ধরে টালবাহানা করছিলেন রবিউল। একপর্যায়ে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রবিউল ও তার পরিবার আদম ব্যবসার নামে এলাকার প্রায় অর্ধশত পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। তার আটকের খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে যশোর কোতোয়ালি থানা চত্বরে ভুক্তভোগী ও তাঁদের স্বজনদের ভিড় জমে। পাওনা টাকা ফেরতের দাবিতে অনেককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। রবিউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন