রাঙামাটিতে শেষ দিনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:০৭ পিএম
রাঙামাটিতে শেষ দিনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার রাঙামাটির একমাত্র এই সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং ১০ দলীয় জোটের শরিক জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা রাঙামাটি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে তাদের মনোনয়নপত্র হস্তান্তর করেন। সকাল সাড়ে ১১টায় প্রথমে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান, দুপুর সাড়ে ১২টায় জামায়াত মনোনীত প্রার্থী মোখতার আহমেদ এবং দুপুর ১টায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 

তারা বলেন, রাঙামাটির প্রায় ৫ লাখ ৯ হাজার ভোটার এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবেন। প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে বিভিন্ন সময়ে এই আসনে আরও ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার এবং খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা। সব মিলিয়ে রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনী লড়াইয়ে এখন পর্যন্ত ৬ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোয়নপত্র দাখিল করেছেন।

ইএইচ