আখাউড়ায় ১৫.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া  প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:১৬ পিএম
আখাউড়ায় ১৫.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‍্যাব-৯ এর এক অভিযানে ১৫.৫ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন নূর (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের কৌরাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আখাউড়ার মোগড়া ইউনিয়নের কৌরাতলী এলাকার একটি বাঁশবাগানের ভেতর মাদক কেনাবেচা চলছে। সংবাদ পেয়ে র‍্যাব সদস্যরা আনুমানিক রাত ৪টা ৫০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নাজমুলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাজমুল হোসেন নূর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আটঘড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে সে সেখানে অবস্থান করছিল।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

জেএইচআর