১৫০ দিনে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি: হবিগঞ্জ-৩ আসনে চলছে শতাধিক প্রকল্পের কাজ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৪২ পিএম
১৫০ দিনে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি: হবিগঞ্জ-৩ আসনে চলছে শতাধিক প্রকল্পের কাজ

বিএনপি সরকারের ১৫০ দিন (পাঁচ মাস) পূর্তিতে হবিগঞ্জ-৩ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, বরাদ্দ ও বাস্তবায়নের মাধ্যমে জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং যোগাযোগ খাতে নতুন গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে ৮৭টির বেশি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ২৬৮ কোটির বেশি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া ১৬৩টির বেশি ডিও (ডি.ও.) লেটার প্রদান করা হয়েছে এবং ৬২টির বেশি প্রকল্পের কাজ বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।

উন্নয়ন কার্যক্রমের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো হবিগঞ্জ-নবীগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন। এ প্রকল্পের জন্য প্রায় ৬৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং সংস্কারকাজও দ্রুত এগিয়ে চলছে।

শিক্ষা খাতে নতুন একাডেমিক ভবন নির্মাণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য খাতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন, বিদ্যুৎ ও নিরাপদ পানির সরবরাহ সম্প্রসারণ, ইউনিয়ন পরিষদ, বাজার ও স্থানীয় অবকাঠামো উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ ছাড়া যুব ও ক্রীড়া উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রচারিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন হলে হবিগঞ্জ-৩ আসনের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উৎপাদন এবং সামগ্রিক জীবনমান আরও উন্নত হবে। তাদের মতে, উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে হবিগঞ্জ একটি আরও আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।

এম জি