টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে গিয়ে সেতু থেকে পানিতে লাফ দেওয়ার পর অন্তর ম্রং (১৮) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার পর রোববার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।
স্থানীয়রা জানান, গোসলের সময় অন্তর সেতু থেকে বিলে লাফ দেন। এরপর তিনি আর পানির ওপর ভেসে ওঠেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরদিন সকালে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ডুবুরি দলের সহায়তায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন