মানিকগঞ্জে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:০৭ পিএম
মানিকগঞ্জে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রি এবং ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে দুই পরিবেশককে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের জরিনা কলেজ রোড, বেউথা ও বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অ

ভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সভাপতি সামছুন্নবী তুলিপ উপস্থিত ছিলেন।

অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের পাকা রশিদ সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ভোক্তারা যেন প্রতারণার শিকার না হন সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং কোনো অনিয়ম দেখলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

ইএইচ