বিএনপিতে যোগ দিয়েই বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-লুটপাট

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৭:১২ পিএম
বিএনপিতে যোগ দিয়েই বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-লুটপাট

ফরিদপুরের সদরপুরে বিএনপিতে যোগ দিয়েই বিএনপির অন্তত ১০-১২ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

সোমবার দিনগত রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গ্রাম্য আধিপত্য নিয়ে বাড়িঘরে হামলা চালায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা। 

এ সময় ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ ১০/১২টি বিএনপি সমর্থিত বাড়িতে হামলা ও লুটপাট করা হয়। এ সময় তাদের বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বাড়িঘরে হামলা ও লুটপাটের শিকার হওয়া ব্যক্তিরা জানান, যারা তাদের বাড়িঘরে লুটপাট ও হামলা চালায় তারা কদিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়। যোগ দিয়েই তারা বিএনপির নেতাকর্মীর বাড়িতে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।

এ বিষয়ে বক্তব্য জানতে সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও তারা থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ