শহীদ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নামকরণ এবং তার পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
রোববার সকাল ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ চালুর প্রাক্কালে জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হন মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়েই রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। অথচ দীর্ঘ বছর পার হলেও তার হত্যার বিচার হয়নি। একই সঙ্গে তার পরিবার আজও সরকারি কোনো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।
সমাবেশ থেকে পিসিসিপির নেতৃবৃন্দ জোর দাবি জানান, অবিলম্বে শহীদ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে, তার পরিবারকে পুনর্বাসন ও সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে, একই ঘটনায় গুরুতর আহত জামাল হোসেনকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন