মির্জাপুরে প্রশিক্ষণ চলাকালীন পুলিশ সদস্য গুলিবিদ্ধ, হেলিকপ্টারে ঢাকা প্রেরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৩৭ পিএম
মির্জাপুরে প্রশিক্ষণ চলাকালীন পুলিশ সদস্য গুলিবিদ্ধ, হেলিকপ্টারে ঢাকা প্রেরণ

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) অস্ত্র চালানোর প্রশিক্ষণ চলাকালীন মাসুম বিল্লাহ (১৯) নামে এক প্রশিক্ষণার্থী কনস্টেবল (টিআরসি) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেড়া পিটিসি-র ফায়ারিং বাটে যখন অস্ত্র চালনার পরীক্ষা ও প্রশিক্ষণ চলছিল, তখন হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মাসুমের পিঠের বাম পাশের কাঁধে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। মাসুম বিল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রংচী গ্রামের বকুল মিয়ার ছেলে।

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর গুলিবিদ্ধ হওয়ার পরপরই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলেই র‌্যাবের হেলিকপ্টারযোগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

প্রশিক্ষণের শেষ পর্যায়ে ছিলেন মাসুম মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৫ সালে পুলিশে যোগদান করা মাসুম বিল্লাহ গত অক্টোবর থেকে মহেড়া পিটিসিতে চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছিলেন। আগামী ৩ ফেব্রুয়ারি তাঁর এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। তাঁর টিআরসি নম্বর ২৬৫২০৪।

কর্তৃপক্ষের বক্তব্য ঘটনার বিস্তারিত জানতে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেএইচআর