অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের স্থায়ী সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করুন। দুর্নীতিমুক্ত সমাজ, নারীর সমান অধিকার নিশ্চিত করা এবং অর্থ পাচার বন্ধের মতো সার্বজনীন দাবিগুলো বাস্তবায়নের জন্য এই রায় অত্যন্ত জরুরি।
সোমবার সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রচারণা এবং ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ‘ভোটের গাড়ি ক্যারাভান’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন পেছানোর সুযোগ নেই নির্বাচনের সময়সীমা নিয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “কোনো অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কোনো অপপ্রচার দিয়ে আটকে রাখা যাবে না।” তিনি আরও যোগ করেন, নির্বাচনের জন্য দেশে বর্তমানে চমৎকার পরিবেশ বিরাজ করছে এবং সরকার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। কারো কোনো দ্বিমত থাকলে তা আলোচনার মাধ্যমে হতে পারে, তবে নির্বাচন বাধাগ্রস্ত করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
বৈশ্বিক ইমেজ ও চ্যালেঞ্জ ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ইতিবাচক। সামনের চ্যালেঞ্জগুলোর কথা স্বীকার করে তিনি বলেন, সব বাধা পেরিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর এই যাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
উপস্থিত নেতৃবৃন্দ ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। এছাড়া পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এবং ফেনী পৌরসভার প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন