আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি-২৯৯ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর মধ্যে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী নির্বাচনী প্রতীক সম্বলিত বরাদ্দ পত্র প্রার্থীদের কাছে তুলে দেন।
এ সময় রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ), ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফাত মজলিসের মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিকশা), একমাত্র স্বতন্ত্র পহেল চাকমা (ফুটবল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (বাদশা) (ট্রাক) প্রতীক পেয়েছেন।
এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং তা অনুসরণ করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন