মাদারীপুরে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

মো. মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৪৬ পিএম
মাদারীপুরে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে 'বিদ্রোহী' স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মাদারীপুরের ৩ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, কামাল জামান মোল্লা মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির সদস্য।

উল্লেখ্য, তিনি প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেলেও পরবর্তীতে বিতর্কের মুখে তার প্রার্থিতা পরিবর্তন করা হয়েছিল।

সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু মাদারীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি ২০১৮ সালের নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন।

মিল্টন বৈদ্য মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনিও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশের মোট ৫৭ জন নেতাকে একই সাথে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

মাদারীপুরের রাজৈর ও শিবচর এলাকায় এ বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে এখন দলীয় প্রার্থীর সাথে স্বতন্ত্র এ প্রার্থীদের লড়াই নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ