কক্সবাজারের রামুতে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
শনিবার ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আবদুর রহিম বাহিনী নিয়ে শাহীন ডাকাতের সহযোগী শফিউল ইসলাম প্রকাশ লেদাপুতুকে অতর্কিত গুলি করে। এতে ঘটনাস্থলেই শফিউল ইসলাম মারা যান। তিনি মাঝিরকাটা এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।
খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ির এসআই মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে শফিউল ইসলামের স্বজনরা দাবি করেছেন, শফিউল সন্ত্রাসী এলাকার সাহসী এক যুবক ছিলেন এবং সন্ত্রাসীদের জন্য আতঙ্ক ছিলেন। তাকে নিজেদের লোক দিয়ে ডেকে নিয়ে অতি কাছ থেকে খুন করা হয়েছে বলেও তারা দাবি করেন।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া দুর্বৃত্তের গুলিতে শফিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শফিউল ইসলামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন