অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি হামিদুর রহমান আযাদের

রাশেদুল ইসলাম, কক্সবাজার প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:৫৭ পিএম
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি হামিদুর রহমান আযাদের

নির্বাচনের মাঠে সুস্থ ও সুন্দর পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আযাদ। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ সামনে আসছে। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনের দৃঢ় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়, সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। 

বিশেষ করে সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সব কেন্দ্রে সম্ভব না হলে অন্তত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসিটিভি স্থাপন করা জরুরি। পাশাপাশি মাগুরায় সিসিটিভি স্থাপনের পর তা ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করাও অপরিহার্য।

ড. আযাদ আরও বলেন, দেশের জন্য স্বাধীন গণমাধ্যম দরকার, সেটা শুধু মুখের কথা নয়, কার্যকরভাবে দেখতে চাই। তিনি নির্বাচনের সময় জনগণ যাতে সঠিক তথ্য পান এবং সকল ভোট প্রক্রিয়া স্বচ্ছ হয়, তা নিশ্চিত করার জন্য গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। 

সংবাদ সম্মেলনে তিনি আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের নির্বাচনী সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং এই সফর সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ