মহেশখালীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নারীর মৃত্যু, উদ্ধার ১৮

রাশেদুল ইসলাম, কক্সবাজার প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:১৮ পিএম
মহেশখালীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নারীর মৃত্যু, উদ্ধার ১৮

কক্সবাজার-মহেশখালী নৌরুটে দুটি স্পিডবোটের সংঘর্ষে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে নৌরুটের বাঁকখালী নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে। 

এ সময় সমুদ্রে ভাসমান অবস্থায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন।

কক্সবাজার-মহেশখালী নৌরুট স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, দুপুরে মহেশখালী উপজেলার গোরকঘাটা ঘাট থেকে একই সময়ে যাত্রী নিয়ে দুটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোট দুটি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটির ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা অপর বোটটি থেমে থাকা স্পিডবোটে ধাক্কা দেয়।

ধাক্কায় বোট দুটি উল্টে যাত্রীরা ছিটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অন্য স্পিডবোট ও ট্রলার। তাদের সহায়তায় পানিতে ভাসমান অবস্থায় ১৮ জনকে জীবিত এবং এক নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। মুমূর্ষু ওই নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, ঘটনাটি স্থানীয়ভাবে অবহিত হওয়ার পরপরই বিআইডব্লিউটিএ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক নারীর মৃত্যুর খবর তারা পেয়েছেন।

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, দুপুরে স্পিডবোট দুর্ঘটনায় সংকটাপন্ন অবস্থায় এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইইএচ