শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে ‘না’ ভোটের স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ‘বর্ণতরী প্রিন্টিং প্রেস’ নামে একটি ছাপাখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইন অভিযোগ করেন, বিএনপি কর্মীরা অন্যায়ভাবে তাঁদের ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে।
অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার দাবি করেন, জামায়াত কর্মীরা ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তবে কোনো পক্ষই এখনো মামলা করেনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন