ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে নামজারি নিষ্পত্তিতে প্রথম স্থান অর্জন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস। দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে উপজেলা ভূমি প্রশাসন।
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৫ সালের ২০ জুলাই দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি অফিসের সেবার মান উন্নয়ন এবং নামজারি কার্যক্রম দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে ভূমি অফিসে নানা সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করার ফলে বর্তমানে মাত্র ১০ থেকে ১১ কার্যদিবসের মধ্যেই নামজারি আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। ভূমি অফিস সূত্রে জানা গেছে, প্রতি মাসে এখানে গড়ে ৭০০ থেকে ৮০০টি নামজারি আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।
এ ছাড়া ভূমি সেবা সহজ করতে অফিসে হেল্প ডেস্ক স্থাপন, সেবাগ্রহীতাদের জন্য আধুনিক বিশ্রামঘর ও শুনানিঘর নির্মাণসহ বিভিন্ন জনবান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নামজারি নিষ্পত্তির পাশাপাশি খাস জমি উদ্ধার কার্যক্রমেও ভূমি অফিস বর্তমানে সক্রিয় ভূমিকা পালন করছে।
বিগত ছয় মাসে প্রায় পাঁচ হাজার নামজারি আবেদন সফলভাবে নিষ্পত্তি হওয়ায় স্থানীয় সেবাগ্রহীতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে ভূমি সংক্রান্ত কাজে অনেক সময়ক্ষেপণ ও হয়রানির শিকার হতে হতো। তবে বর্তমানে ভূমি অফিসে হয়রানি অনেক কমেছে এবং মানুষ দ্রুত সেবা পাচ্ছে। উপজেলা ভূমি অফিসের এই সাফল্যে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন