হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে রণক্ষেত্র নলচিরা ঘাট: বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:৩৩ পিএম
হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে রণক্ষেত্র নলচিরা ঘাট: বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে একটি ফেরি সার্ভিসের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে রাজপথের দুই রাজনৈতিক শক্তি বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির বা এনসিপি নেতা কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ফলে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

দীর্ঘদিন প্রতীক্ষিত নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন ছিল আজ। বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন। ফেরি সার্ভিস চালুর এ কৃতিত্ব কার, মূলত এ প্রশ্নকে কেন্দ্র করেই সংঘাতের সূত্রপাত ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে নলচিরা ঘাটে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতা কর্মী সমবেত হন। অনুষ্ঠান শেষে ফেরি আনার পেছনে কার অবদান বেশি, তা নিয়ে দুই পক্ষ পৃথকভাবে স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পাল্টাপাল্টি স্লোগান বাগবিতণ্ডায় রূপ নেয়। উত্তপ্ত বাক্যবিনিময় থেকে শুরু হয় হাতাহাতি, যা পরবর্তীতে লাঠিসোঁটা নিয়ে বড় ধরনের সংঘর্ষে গড়ায়।

সংঘর্ষের সময় পুরো ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রী ও সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন। সংঘর্ষে দুই দলের অন্তত ১০ জন কর্মী আহত হন, যাদের কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর পরিস্থিতি আঁচ করতে পেরে ঘটনাস্থলে উপস্থিত নৌবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরো দ্বীপ জুড়ে এখনো থমথমে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ অবস্থানে বিএনপি নেতা কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আলটিমেটাম দেন। অন্যথায় থানা, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসকের অফিস ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

অন্যদিকে বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ এনসিপির অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, এনসিপি কর্মীরাই উসকানিমূলক স্লোগান দিয়ে পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং তাদের কর্মীদের ওপর হামলা করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

হাতিয়া থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে নলচিরা ঘাট ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ যেন পুনরায় সংঘর্ষে জড়াতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। নৌবাহিনীর সদস্যরাও টহল জোরদার করেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি, তবে ঘটনার তদন্ত চলছে। 

হাতিয়ার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে চালু হওয়া এ ফেরি সার্ভিস একটি জনকল্যাণমূলক উদ্যোগ হলেও রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টায় তা তিক্ত অভিজ্ঞতায় পর্যবসিত হলো। দ্বীপের শান্তি বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

ইএইচ