টুঙ্গিপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

এস এম বিপুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:২৮ পিএম
টুঙ্গিপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার সংসদীয় আসন ২১৭ (গোপালগঞ্জ-৩: টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এর অন্তর্ভুক্ত টুঙ্গিপাড়া উপজেলার প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের জন্য নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া দিনব্যাপী এ প্রশিক্ষণ বিকেল ৫টায় শেষ হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফ উজ-জ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহিরুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকুল রহমান, টুঙ্গিপাড়া অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাকিব, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী এবং টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার আইন ও বিধিমালা, ভোটগ্রহণের পদ্ধতি, ব্যালট ও নির্বাচন সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত ও প্রেরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় বক্তারা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক আরিফ উজ-জ্জামান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।

ইএইচ