ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৩

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১১:২৩ এএম
ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৩

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বিএনপির ৫ জন এবং জামায়াতের ৮ জন নেতাকর্মী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম অভিযোগ করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে এসে হুমকি দিয়ে ভোট প্রার্থনা করছিল। সমর্থকরা এর প্রতিবাদ জানালে তারা ঘরবাড়ি ভাঙচুর করে ও হামলা চালায়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা মাওলানা হালিম বলেন, নির্বাচনকালীন সময়ে যে যার প্রচারণা চালাবে, এটাই স্বাভাবিক। কিন্তু একের পর এক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপি নিজেরা হামলা চালিয়ে এবং নিজেদের ঘরবাড়ি ভেঙে নাটক সাজানোর পাঁয়তারা করছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএইচআর