দলীয় শৃঙ্খলা ভঙ্গ: খাগড়াছড়িতে বিএনপি নেতা সমিরণ বহিষ্কার

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৩০ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: খাগড়াছড়িতে বিএনপি নেতা সমিরণ বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি (২৯৮ নম্বর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি থেকে ওয়াদুদ ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সমিরণ দেওয়ান দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। 

সম্প্রতি নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনী মাঠে সক্রিয় হন। বিষয়টি দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করে বিএনপির হাইকমান্ড তাকে আজীবনের জন্য বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সমিরণ দেওয়ানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ইএইচ