আশুলিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

আলী রেজা রাজু, সাভার প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:১২ পিএম
আশুলিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সাভারের আশুলিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর হাসান কলোনি এলাকায় বিএনপির নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য কিবরিয়া সরকার, তার ছেলে তৌহিদ সরকার, হায়দার, মোকসেদুর রহমান ও আলম পারভেজ বুলেট।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্বাচনী ব্যানার টানানোকে কেন্দ্র করে তার সমর্থক কিবরিয়া সরকার ও আলম পারভেজ বুলেটের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বুলেট তার সহযোগীদের নিয়ে নির্বাচনী অফিস ও পাশের একটি চায়ের দোকানে হামলা চালিয়েছেন। 

এ সময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তৌহিদ সরকার গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইএইচৃ