মাদারীপুরে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:৫৯ পিএম
মাদারীপুরে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই মৌচাষি নিহত হয়েছেন। 

সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন মৌচাষি আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) এবং একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে একটি ট্রাকে করে মৌমাছির বাক্স নিয়ে কয়েকজন মৌচাষি মাদারীপুরের কালকিনি উপজেলার উদ্দেশ্যে আসছিলেন। ট্রাকটি রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই রানা ও লিখন প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, মৌচাষিরা ট্রাকযোগে জামালপুর থেকে কালকিনি যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচ