প্রার্থীর পক্ষে প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:২৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ২ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি কর্মকর্তা হয়েও প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়া হয়েছে। তাঁদের আগামী শনিবার সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. জিয়ার হোসাইন এবং একই ইউনিয়নে দায়িত্বরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন।

অভিযোগের সঙ্গে তাঁদের প্রচারণার কাজে অংশ নেওয়ার ছবিও যুক্ত করে দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেন জিয়ার হোসাইন ও মনির হোসেন। 

ওই ঘটনায় আব্দুল হালিম নামের এক বাসিন্দা গত ২ ফেব্রুয়ারি কসবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাঁদের কারণ দর্শাতে বলা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিযোগ ও সংযুক্ত নির্বাচনী প্রচার কাজের ছবি পর্যালোচনা করে বিষয়টি আপাত সত্য বলে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মকর্তা হয়ে প্রচারকাজে অংশ নেওয়ার বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি পরিপন্থী এবং স্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। অভিযুক্তদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় তাঁদের অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

জেএইচআর