ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছেন।
তার বাহিনী দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করা হয়েছে এবং নিরীহ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদরপুর কলেজ মোড় এলাকার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম এসব অভিযোগ করেন।
বিএনপির প্রার্থী বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের পরিবারের সদস্য সজিব বেগ প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রভাবে ও সহযোগিতায় দেশ থেকে লুটে নেওয়া কালো টাকার অপব্যবহার শুরু করেছেন মুজাহিদ। নিক্সন চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবুল বাশার, নজরুল ইসলাম ও লিয়নের সহযোগিতায় মুজাহিদ ক্ষমতার আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। এতে নির্বাচনের পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে এবং সহিংসতার আশঙ্কা বাড়ছে।
শহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, মুজাহিদ বেগের ভাই পান্নু বেগের বিপুল পরিমাণ কালো টাকা ও অবৈধ ব্যবসা রয়েছে। তিনি ইতোমধ্যে ইয়াকুব চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তার ভাইকে ফুটবল প্রতীকে ভোট না দিলে এলাকার লোকজনকে দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। দ্রুত মুজাহিদ বেগের কার্যক্রম অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান শহিদুল ইসলাম।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দিন।
সংবাদ সম্মেলনে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা ও যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ তিন উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন