ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মামুনুল হক

তারেক পাঠান, শিবপুর (নরসিংদী) প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:৩০ পিএম
ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার নেতৃত্বে মানুষ নতুন স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। রাজনীতির দুই ভূত কাঁধ থেকে নামাতে কেউ রাজি নয়। দেশে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিও বন্ধ হয়নি।

বৃহস্পতিবার রাতে নরসিংদী-৩ (শিবপুর) আসনের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ইটাখলা বালুর মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। 

শিবপুর আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলামের সমর্থনে এ সভার আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে কোনো বড় রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি; নেতৃত্ব দিয়েছে এ দেশের ছাত্র-জনতা। যারা মনে করে বড় দল ছাড়া বিপ্লব হয় না, ১৭ বছরে তাদের আন্দোলন সফল হয়নি। মানুষ এখন সব বুঝে ফেলেছে। তাই দেশ থেকে রাজনীতির দুই ভূতকে দূর করতে হবে।

তিনি আরও বলেন, “আমরা ১১টি দল হাতে হাত রেখে শপথ করেছি। আমরা আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনো গোষ্ঠী শহীদদের সাথে গাদ্দারি করতে পারে, তা আমরা কল্পনাও করতে পারিনি।” আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি রিকশা প্রতীককে বিজয়ী করার এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার অনুরোধ জানান।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বাসেত কাসেমীর সভাপতিত্বে ও জেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জেলা খেলাফত মজলিসের সভাপতি প্রিন্সিপাল আব্দুন নূর ও জেলা জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান।

এ সময় জামায়াতে ইসলামীর শিবপুর উপজেলা আমির মুস্তাফিজুর রহমান কাওসার, এনসিপির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুইয়া, যুব মজলিসের জেলা সভাপতি মুফতি হাশমতুল্লাহ ফরিদী, ছাত্র মজলিসের আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার এবং ছাত্রশিবিরের শিবপুর উপজেলা সভাপতি মাহফুজ আদনান উপস্থিত ছিলেন।

জনসভা শেষে মামুনুল হক প্রার্থী মুফতি রাকীবুল ইসলামের হাতে রিকশা প্রতীকের রেপ্লিকা তুলে দেন এবং মোনাজাত পরিচালনা করেন। এ সময় ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ