বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চল একটি কৃষিপ্রধান এলাকা। কৃষিানির্ভর এ অঞ্চলকে উন্নয়নশীল করতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ সরবরাহ করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। কারণ কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।
শনিবার দুপুরে নীলফামারী পৌর মাঠে জেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সরকার গঠিত হলে নীলফামারী জেলাকে আধুনিক জেলায় রূপান্তর করা হবে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের কর্মমুখী করে গড়ে তোলা হবে। এ ছাড়া সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে। উত্তরাঞ্চলের পানির সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্যে তারেক রহমান আরও বলেন, দীর্ঘ সময় যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তারা ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু তাদেরই শরিক দল এখন দেশকে নিয়ে তালবাহানা শুরু করেছে। সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।
এ সময় নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ ও নীলফামারী-৪ আসনের প্রার্থী এবং নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ মার্কার প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন