মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

মো. মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৪৭ পিএম
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

মাদারীপুর-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযুক্তরা হলেন বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্য।

আগামীকাল ১০ ফেব্রুয়ারি তাদের সশরীরে উপস্থিত হয়ে শোকজের লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্য প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এ আইনি পদক্ষেপ নেওয়া হলো।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৬(ক) অনুযায়ী সকল প্রার্থীর সমান প্রচারণার অধিকার রয়েছে। কিন্তু জাহান্দার আলী মিয়ার সমর্থকেরা বল প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা প্রদান করেছেন বলে প্রাথমিক সত্যতা মিলেছে। কেন তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অন্যদিকে, বিধি ৯(ক) লঙ্ঘন করে মোটর শোডাউন করার দায়ে স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্যকেও শোকজ করা হয়েছে। আইন অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার যান্ত্রিক বাহন নিয়ে মিছিল বা শোডাউন করা নিষিদ্ধ।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা জানাতে দুই প্রার্থীকেই সশরীরে হাজির হতে হবে।

ইএইচ