​মাদারীপুর-২ আসন 

ধানের শীষকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

মো. মহসিন তালুকদার, ​মাদারীপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:০৯ পিএম
ধানের শীষকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) আসনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যারিস্টার শহিদুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

​সোমবার বিকেলে শহরের শকুনি লেক পার্কের মুক্তমঞ্চে এক বিশাল মিছিল শেষে এ ঘোষণা আসে। ধানের শীষের সমর্থনে আয়োজিত ওই সমাবেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম তার কর্মী-সমর্থকদের নিয়ে যোগ দেন। 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তাকে বিজয়ী করতে আমি এবং আমার সমর্থকরা সর্বাত্মক সহযোগিতা করব।"

​সমাবেশে নেতৃত্বের ​এই ঘোষণা মাদারীপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ​জাহান্দার আলী জাহান, ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ​কাজী হুমায়ুন কবির, কেন্দ্রীয় বিএনপির সদস্য ​অ্যাডভোকেট জাফর আলী মিয়া ও জেলা বিএনপির আহ্বায়ক।

​এছাড়াও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার শহিদুলের এই সমর্থন মাদারীপুর-২ আসনে ধানের শীষের অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করল। স্বতন্ত্র প্রার্থীর ভোট ব্যাংক ধানের শীষের সাথে যুক্ত হওয়ায় নির্বাচনী লড়াই এখন নতুন মাত্রা পেল।

এএন