ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলায় নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে মোট ২ হাজার ১২০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সেটু বড়ুয়া ও সেনাবাহিনীর মেজর ফারহান দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা কর্মকর্তাদের নির্দেশ দেন যেন প্রতিটি ভোটার নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন।
এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ সুরক্ষা অ্যাপ ও ফিক্সড ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে যেকোনো ঘটনার তাৎক্ষণিক তথ্য দ্রুত কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।
সভায় সংশ্লিষ্ট সকল সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ফরিদগঞ্জে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন