ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার ৪২টি ভোটকেন্দ্রে মোট ৫৮ দশমিক ১৩ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫০ হাজার ৯০৩টি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে যে ৪২টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। এই কড়া নিরাপত্তার কারণে পুরো উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে ভোটের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো কড়া নিরাপত্তায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এখন ব্যালট পেপার গণনার কাজ চলছে।
এবারের নির্বাচনে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ভোটাররা অত্যন্ত উৎসাহের সাথে অংশ নেন। ভোট গণনা শেষে দ্রুতই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন