নেতাকর্মীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:৪৩ পিএম
নেতাকর্মীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তায় শামা ওবায়েদ লেখেন যে এই বিজয় কোনো ব্যক্তির নয়, বরং নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষের বিজয়। তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। ভোটারদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন যে এই বিজয় উল্লাসের নয়, বরং দায়িত্বের। তিনি সকলকে বিভাজন ভুলে ঐক্যের রাজনীতি করার আহ্বান জানান। নগরকান্দা ও সালথার উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই তাঁর কাজের অগ্রাধিকার হবে বলে তিনি স্পষ্ট করেছেন। শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ায় তিনি নিরপেক্ষ ভোটারদেরও ধন্যবাদ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। শামা ওবায়েদ ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেন।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। বৃহস্পতিবার রাতে মোট ১১৭টি কেন্দ্রের গণনা শেষে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। শামা ওবায়েদের এই জয়ে ফরিদপুরের সালথা ও নগরকান্দা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করছেন।

জেএইচআর