চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৫৪ পিএম
চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ।

সভায় বক্তব্য দেন চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম শিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন ও উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সভায় উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এ রহিম, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান এবং জগদীশপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সকলের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনে বড় কোনো ঝামেলা না হওয়ায় তিনি রাজনৈতিক নেতা ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জানান।

তবে বর্তমান পরিস্থিতিতে চৌগাছার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে হামলার ঘটনা ঘটছে, যা কারও জন্যই মঙ্গলজনক নয়। এ সমস্যা সমাধানে তিনি বিএনপি ও জামায়াত নেতাদের একসঙ্গে বসে আলোচনার পরামর্শ দেন।

সামনে পবিত্র রমজান মাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাজার তদারকি এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক ও চোরাচালান প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর