পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাঙ্গামাটিতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে খোলা ট্রাকের মাধ্যমে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
শহরের মিলন বিহার এলাকা, সওজ বিভাগের কারখানা প্রাঙ্গণ (ভেদভেদী), রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ, জিমনেশিয়াম মাঠ ও সদর হাসপাতাল সংলগ্ন নার্সিং হোস্টেল মাঠে পণ্য বিক্রি চলছে। প্রতিটি ট্রাকে প্রায় ৪০০ ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হয়েছে।
প্রথম দিনে প্রায় ১ হাজার ২০০ পরিবার কার্ড ছাড়াই পণ্য কেনার সুযোগ পায়। টিসিবির নির্ধারিত ৬০০ টাকার প্যাকেজে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি ডাল ও ৫০০ গ্রাম খেজুর।
বাজারে একই পণ্যের দাম প্রায় ৭৫০ থেকে ৮০০ টাকা, তাই এ কার্যক্রম স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী সমাধান হিসেবে কাজ করছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিটি পয়েন্টে প্রশাসনের প্রতিনিধি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাঁরা তদারকি করছেন, যাতে সুশৃঙ্খলভাবে পণ্য বিতরণ নিশ্চিত করা যায়।
সরকারি এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও বাজারে দাম স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে। রমজানের সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কম দামে সরবরাহ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
শুক্রবার ও শনিবার ছাড়া আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে টিসিবির বিক্রয় কার্যক্রম চলবে। ফ্যামিলি কার্ডধারীদের জন্য পৃথক বিক্রয় ব্যবস্থাও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন