রমজানজুড়ে ইফতার বিতরণে ঝালকাঠির ইয়ুথ অ্যাকশন সোসাইটি

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:৪৬ পিএম
রমজানজুড়ে ইফতার বিতরণে ঝালকাঠির ইয়ুথ অ্যাকশন সোসাইটি

পবিত্র রমজান মাসজুড়ে মানবতার সেবায় এগিয়ে এসেছে ঝালকাঠির স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। রমজানের শুরু থেকেই সংগঠনটি শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুস্থ, অসহায়, পথশিশু, বেদে পল্লীর বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করছে।

সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছর ধরে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ইয়াস। এর ধারাবাহিকতায় চলতি রমজানেও মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবীরা প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রোজাদারদের হাতে ইফতার তুলে দিচ্ছেন।

সংগঠনের সভাপতি আবির হোসেন রানা বলেন, আমরা চাই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়াতে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জানান, সংগঠনের কার্যক্রম শুধু ইফতার বিতরণে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, আমরা বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিষয়ক প্রশিক্ষণের মতো বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছি। সাইবার হামলা রোধে সাইবার বিষয়ক প্রশিক্ষণও গ্রহণ করেছি। পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ‘ঈদের রঙীন হাসি’ শীর্ষক বিশেষ প্রকল্পের মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ ও শিশুদের মাঝে মেহেদী উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন রানা বলেন, রমজানের পুরো মাস আমরা পথে ঘুরে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছি। আমাদের এই কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অনুদান দিয়ে সহযোগিতা করছেন। প্রতিটি রোজাদারের ইফতারের জন্য সর্বনিম্ন ৬০ টাকা অনুদান দেওয়া যায়। অনুদান বৃদ্ধি পেলে আমরা প্রতিদিন আরও বেশি মানুষের মাঝে ইফতার পৌঁছে দিতে পারব।

জেএইচআর