হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক তানজিনা রহমান তানিন দীর্ঘ শুনানি শেষে তাঁর অস্থায়ী জামিন আদেশ দেন। তুষার চৌধুরীর জামিনের খবরে আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের মাঝে আনন্দ-উদ্দীপনা দেখা যায়।
এর আগে গত রবিবার বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে বাগ্বিতণ্ডা ও গালমন্দের অভিযোগে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে তুষার চৌধুরীকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় ওসি সাইফুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধির ১৭৯, ৫০৪ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।
তুষার চৌধুরীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর মুক্তির দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর নামক স্থানে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। তবে রমজানে জনভোগান্তির কথা চিন্তা করে নেতাকর্মীরা তুষারের নিঃশর্ত মুক্তি ও ওসির অপসারণ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশি ভূমিকা নিয়ে ওসির সঙ্গে তুষার চৌধুরীর আগে থেকেই মনোমালিন্য ছিল। সম্প্রতি ওসির সঙ্গে তাঁর একটি কথোপকথনের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামিন পাওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং আইনি বিষয়ে ব্রিফিং করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন