নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন (৪০) ওই ইউনিয়নের রামহরি তালুক গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে।
অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ৮টার দিকে খন্দকার মসজিদ মোড় এলাকায় সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করা হয়। তল্লাশিকালে তাঁর পরনের দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকানো দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন