ভাষায় লিঙ্গীয় বৈষম্য দূরীকরণে গণমাধ্যমের দায়িত্ব ও সংবেদনশীলতা বাড়ানোর লক্ষ্যে নাটোরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে নারীপক্ষ।
সভায় জানানো হয়, ১৯৮৩ সাল থেকে নারীপক্ষ নারীর অধিকার প্রতিষ্ঠা ও লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার ও প্রকল্প কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গণমাধ্যমে ব্যবহৃত ভাষা ও চিত্র সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। সংবাদ পরিবেশনে এমন শব্দ পরিহার করতে হবে যা নারীর মর্যাদা ক্ষুণ্ন করে। নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
একই দিনে নাটোর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী আরও একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী।
কর্মশালায় জানানো হয়, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একটি প্রকল্পের আওতায় নাটোর পৌরসভার অবকাঠামো উন্নয়নে প্রায় দেড়শ’ কোটি টাকার কার্যক্রম বাস্তবায়িত হবে। এসব প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে। কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন কমিটির সদস্যরা গ্রুপে বিভক্ত হয়ে উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন