ফরিদগঞ্জে টয়লেট থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)  প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৩৭ পিএম
ফরিদগঞ্জে টয়লেট থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ ঘরের টয়লেট থেকে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার  দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী এবং চার সন্তানের জননী। খবর পেয়ে বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে কলেজপড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা কলেজ থেকে ফিরে ঘরের দরজা খোলা পান। ভেতরে প্রবেশ করে টয়লেটে মাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে নুরজাহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তানহা বলেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি ঘরের দরজা খোলা এবং টয়লেটে মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় এনজিওর লোকজন কিস্তির টাকার জন্য বাড়িতে এসে বসে থাকত। ঘটনার দিন সকালেও তাঁর বাড়িতে এনজিওর লোকজন এসেছিল বলে তিনি জানান।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের গলায় গভীর কাটার চিহ্ন রয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

জেএইচআর