গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় শালবনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বি কে বাড়ি সংলগ্ন বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল কিশোর বনের ভেতর টিকটক ভিডিও করতে গিয়ে তীব্র দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা মাটি চাপা দেওয়া অবস্থায় লাশের কিছু অংশ দেখতে পায়। পরে কিশোররা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ভিডিও করতে যাওয়া এক কিশোর জানায়, বনের ভেতরে ঢোকার পর উৎকট গন্ধ পেয়ে তারা সামনে এগিয়ে যায়। সেখানে মাটি খুঁড়ে লাশের অংশ বিশেষ বেরিয়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে বলে সে উল্লেখ করে। ধারণা করা হচ্ছে, কোনো বন্যপ্রাণী মাটি খোঁড়ায় লাশের অংশ বাইরে বেরিয়ে এসেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জয়দেবপুর থানার পুলিশ সদস্যরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা হত্যার পর লাশটি গুম করার উদ্দেশ্যে বনের ভেতর পুঁতে রেখেছিল বলে পুলিশ জানায়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে জেলা ডিবি ও পিবিআই সদস্যরাও তদন্ত শুরু করেছেন।
পুলিশ আরও জানায়, লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানায় নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন