জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিএস ও আরওআর রেজিস্টার-১ সংরক্ষিত না থাকায় সাধারণ ভূমি মালিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভূমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা, নামজারি, খতিয়ান যাচাই ও মালিকানা নিশ্চিতকরণের ক্ষেত্রে সিএস ও আরওআর রেজিস্টার-১ একটি মৌলিক ও অপরিহার্য দলিল। অথচ এই গুরুত্বপূর্ণ নথি স্থানীয় সরিষাবাড়ি সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে না থাকায় সেবা নিতে আসা মানুষকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে।
ভুক্তভোগী একাধিক ভূমি মালিক জানান, প্রয়োজনীয় রেকর্ডের অনুলিপি বা তথ্য সংগ্রহ করতে তাদের জামালপুর জেলা পর্যায়ের অফিস কিংবা অন্যত্র যেতে হচ্ছে। এতে সময় অর্থ ও শ্রম—তিন দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অনেক ক্ষেত্রে মামলা পরিচালনা বা নামজারি প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহলের প্রশ্ন, একটি উপজেলার প্রধান ভূমি অফিসে যদি মৌলিক রেজিস্টারই সংরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষ সেবা পাবে কীভাবে? এ ধরনের অব্যবস্থাপনা জনভোগান্তি আরও বাড়িয়ে তুলছে বলে তারা মন্তব্য করেন।
ভূমি মালিক ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত সিএস ও আরওআর রেজিস্টার-১ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে জনগণের হয়রানি বন্ধ ও সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন